
কে,এম হাবিবুল্লাহ স্টাফ রিপোর্টার
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ভোক্তাসেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে প্রশাসন। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সরেজমিনে পশুর হাট পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ইজারা দেওয়া ভাদুঘর পৌর বাস টার্মিনাল সংলগ্ন গরুর বাজারে উপস্থিত হয়ে হাটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। এসময় তিনি বাজারের হাসিল ঘর, পশুর প্রবেশ ও বাহির পথ, ক্রেতা-বিক্রেতাদের চলাচল ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রশাসক ইজারাদারদের উদ্দেশ্যে কঠোর নির্দেশনা দেন—দূর-দূরান্ত থেকে আগত গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন। নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে সতর্ক থাকার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও তিনি জোর দিয়ে বলেন। তিনি আরও নির্দেশনা দেন, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ভাদুঘর বাস টার্মিনাল শ্রমিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। পরিদর্শন শেষে আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “কোরবানির ঈদকে সামনে রেখে আমরা চাই সাধারণ মানুষ স্বস্তিতে পশু ক্রয়-বিক্রয় করতে পারে। এজন্য হাটগুলোতে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কাজ চলছে। কেউ যেন অতিরিক্ত টাকা আদায় বা প্রতারণার শিকার না হয়—সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।” তিনি আরও জানান, জেলা পরিষদ ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে হাটগুলোতে নিরাপত্তা জোরদার, স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিদর্শন শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
Reporter Name 


















