
সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইউনিয়নের দত্তকলা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে রাতের আঁধারে সংঘটিত এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল নৌকাযোগে এলাকায় প্রবেশ করে হামলা চালায়। হামলার একপর্যায়ে একজনকে হত্যা করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর থেকে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দত্তকলা গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। যোগাযোগ ব্যবস্থা দুর্বল হওয়ায় দুর্বৃত্তরা প্রায়ই এই এলাকায় চুরি, ডাকাতি ও হামলার ঘটনা ঘটায়।
অনেক সময় গবাদিপশু লুট করে নিয়ে যায়। বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগও রয়েছে। এসব ঘটনার কারণে অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং কেউ কেউ বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে বিজয়নগর ইউনিয়নের ৯ নম্বর প্যানেল চেয়ারম্যান বলেন, দত্তকলা গ্রামের সাধারণ মানুষ শান্তিপ্রিয় ও পরিশ্রমী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান জানান, ঘটনার তদন্ত চলছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
Reporter Name 


















