
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কদমতলায় ধান বোঝায় ট্রলি উল্টে চালক নিহত হয়েছে। বুধবার (৬ মে) বিকাল পৌনে ৫টার দিকে সদরের সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। নিহত ট্রলিচালকের নাম গনেশ সরকার (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গনেশ সরকার সদর উপজেলার পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধান বোঝাই করে কদমতলা বাজারে আসছিলেন। বিকাল পৌনে পাঁচটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড় পার হওয়ার সময় হঠাৎ করে তার ধান বোঝাই ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলি নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় চালক গণেশ সরকার। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ত্রিদেব সরকার জানান, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Reporter Name 


















