
ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (২২ মে) ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুগন্ধা বিচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং দুই মাদক কারবারিকে আটক করা হয়।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত গাড়ি ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















