
ইব্রাহিম খলিল, পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে শতবর্ষী একটি নিমগাছ টানা কয়েক দিনের বৈরী আবহাওয়ার প্রভাবে হেলে পড়ে একাধিক দোকানঘরের ওপর ঝুঁকে রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীরা। দ্রুত গাছটি অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত বিশাল আকৃতির নিমগাছটি ডাক্তার মোজাম্মেলের দোকানঘরের ওপর হেলে রয়েছে। গাছের চাপে দোকানঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পাশাপাশি শফিকুল, বিদ্যুৎ, রাম, লক্ষণ, আতিক এবং মৃত মোহাম্মদ আলীর দোকানসহ আশপাশের আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে।
দোকান মালিক ডাক্তার মোজাম্মেল বলেন, “টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে গাছটি আমার দোকানের ওপর হেলে পড়েছে। এতে দোকানের দেয়ালে ফাটল ধরেছে। আমরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করছি। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, একদন্ত বাজারটি উপজেলার অন্যতম ব্যস্ত বাজার। প্রতিদিন শত শত মানুষ এ বাজারে কেনাকাটা করতে আসেন। বিশেষ করে হাটের দিন কাঁচাবাজারে মানুষের ব্যাপক সমাগম হয়। এ অবস্থায় গাছটি ভেঙে পড়লে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণের দাবি জানিয়েছেন।
একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল সরদার জানান, গাছটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম বলেন, “একদন্ত বাজারের ঝুঁকিপূর্ণ নিমগাছের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।”
এদিকে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রশাসনের জরুরি উদ্যোগে ঝুঁকিপূর্ণ নিমগাছটি দ্রুত অপসারণ করা হোক। তাদের ভাষ্য, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
Reporter Name 


















