
শারমিন আরা ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ সদরের চাকলাপাড়ায় সুদের পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়া এবং মায়ের গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির মুখে পড়ে অর্পিতা বিশ্বাস (২৪) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এনজিও কর্মী রুমার ধারাবাহিক ব্ল্যাকমেইল ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি এ পথ বেছে নেন বলে অভিযোগ উঠেছে। নিহত অর্পিতা বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার চাকলাপাড়া এলাকার (মির্জা মহল নবগঙ্গা দুর্গা মন্দিরের পাশে) বিদ্যুৎ বিশ্বাসের স্ত্রী এবং অলক বিশ্বাসের কন্যা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে স্থানীয় একটি এনজিওর কর্মী রুমার কাছ থেকে চড়া সুদে কিছু টাকা ঋণ নেন অর্পিতা। ঋণের মূল টাকা পরিশোধ করা সত্ত্বেও রুমা অতিরিক্ত সুদের দাবীতে অর্পিতার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। একপর্যায়ে সুদের টাকা আদায় করতে রুমা অর্পিতার মায়ের একটি ব্যক্তিগত বা গোপন ভিডিও নিজের হেফাজতে নিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান। দীর্ঘদিন ধরে রুমার ব্ল্যাকমেইল, লোকলজ্জা এবং মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গতরাতে নিজ বাসভবনে অর্পিতা আত্মহত্যা করেন। ঘটনার পর এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সাথে জড়িত এনজিও কর্মী রুমার দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















