
মোঃ শাকিল রেজা, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় ভাড়া বাসা থেকে খুশি খাতুন নামের এক নারী হোটেল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে ২০২৬) সকালে সায়েদাতিয়া সড়কের পাশের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুশি খাতুন প্রায় এক সপ্তাহ আগে ওই বাসাটি ভাড়া নেন। সোমবার রাতে হোটেলের কাজ শেষে তিনি এক ব্যক্তির সঙ্গে বাসায় ফেরেন। ওই ব্যক্তিকে তিনি তার স্বামী বলে পরিচয় দিয়েছিলেন। মঙ্গলবার সকালে ঘরের সামনের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তারা বাড়ির পেছনের দিকে যান এবং দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে মেঝেতে খুশি খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় ফাঁসের দাগের মতো চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পাশে একটি ওড়নাও পড়ে ছিল। ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা ব্যক্তি নিখোঁজ রয়েছেন, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। ঝিনাইদহ সদর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা নিশ্চিত হতে তদন্ত চলছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।
Reporter Name 



















