
এন এস. ফারুক স্টাফ রিপোর্টার তারাগঞ্জ (রংপুর) পরিবেশ ছাড়পত্র ও ম্যানেজমেন্ট সিস্টেম না থাকায় ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জির বিরুদ্ধে ব্যবস্থা; অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা �রংপুরের তারাগঞ্জ উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় এবং প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলার খিয়ারজুম্মা এলাকার আলমপুরে অবস্থিত “ফুয়েল টেক রিনিউয়েবল এনার্জি” নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার হিসেবে রয়েছেন মোঃ আল আমীন, যার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া এলাকায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবেশ ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং তাদের কোনো পরিবেশ ম্যানেজমেন্ট সিস্টেম নেই। এ প্রেক্ষিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(গ) এবং দণ্ড ১৫(১) এর ক্রমিক নং ৬ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি পরিবেশগত ঝুঁকি ও আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ মলিন মিয়া। সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 


















