
সাখাওয়াত হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা কৃষকদলের উদ্যোগে পৃথকভাবে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উৎসবমুখর পরিবেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী এবং বিএনপি নেতা মহসীন পাটওয়ারী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত নেতাকর্মীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।
এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লায়ন মো. হারুনুর রশিদ।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটওয়ারী, এ. এম. টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপি, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “দীর্ঘ ১৭ বছরের দুঃশাসনের অবসানের পর বিএনপি সারা দেশে সুশাসন প্রতিষ্ঠার কাজ শুরু করেছে। সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচি বাস্তবায়নে ফরিদগঞ্জসহ দেশের প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, “কৃষকদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবেন। একই সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে এ কর্মসূচি ছড়িয়ে দেবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান ঘোষিত প্রতিটি কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।”
বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তাই দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
Reporter Name 


















