
এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার:
বগুড়া শহরে পূর্বশত্রুতার জেরে সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ারের দুই ছেলে মো. আশিক (২৮) ও মো. আতিক (২৬)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে রাত ১০টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আশিক ও আতিকের ওপর হামলা চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
স্থানীয় সূত্রের দাবি, স্টেডিয়াম ফাঁড়ির এএসআই নুর আলম ঘটনাস্থলের নিকটেই অবস্থান করছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দ্রুত আহত দুই ভাইকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, “এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Reporter Name 



















