
রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:
রাজনগর উপজেলার ৭ নং কামারচাক ইউনিয়নে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে স্থানীয় যুবকদের উদ্যোগে তাৎক্ষণিকভাবে একটি জরুরি স্বেচ্ছাসেবী টিম গঠন করা হয়েছে। সীমিত আর্থিক সামর্থ্য ও পর্যাপ্ত নৌকার অভাব থাকা সত্ত্বেও টিমের সদস্যরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা বিভিন্ন এলাকায় আটকে পড়া মানুষের খোঁজখবর নেওয়া, জরুরি তথ্য সংগ্রহ, উদ্ধার কার্যক্রমে সমন্বয়, প্রয়োজনীয় সহযোগিতা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তা অব্যাহত রেখেছেন। এছাড়াও, জরুরি যোগাযোগ সচল রাখতে অসহায় মানুষের মোবাইল রিচার্জ করে দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা।
স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা জানান, তাদের কাছে পর্যাপ্ত অর্থ, নৌকা ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম না থাকলেও মানবিক দায়বদ্ধতা থেকেই তারা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে বন্যার ব্যাপকতা বিবেচনায় আরও নৌকা, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
এই মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন দৈনিক মাতৃজগত পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি মোঃ রাহেল আহমেদ রাহেম, যিনি বন্যা পরিস্থিতির সংবাদ সংগ্রহের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে স্বেচ্ছাসেবী দলের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।
স্বেচ্ছাসেবী টিম সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, সামাজিক সংগঠন এবং মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে—এই দুর্যোগময় সময়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় এগিয়ে আসুন।
Reporter Name 



















