
ইব্রাহিম খলিল,পাবনা জেলা প্রতিনিধি :
পাবনার আটঘরিয়া উপজেলার সিংগা রেলস্টেশনের পাশে হাড়িবাড়িয়া সড়কের বেহাল দশা দীর্ঘদিনের হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় বড় বড় গর্ত ও কাদার স্তূপ। ফলে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন এই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিংয়া রেলস্টেশন সংলগ্ন হাড়িবাড়িয়া সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এই সড়ক দিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাতায়াত করেন। এছাড়াও স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই সড়ক ব্যবহার করেন।
বিশেষ করে অসুস্থ রোগী ও বৃদ্ধদের জন্য এই রাস্তা যেন এক দুর্বিষহ যন্ত্রণার নাম। বর্ষাকালে কিংবা সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাওয়ায় রোগীবাহী যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
এদিকে স্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর বিভিন্ন শিফটে কর্মরত শ্রমিক ও কর্মকর্তারাও প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। বেহাল সড়কের কারণে তাদেরও সময় নষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত।
এছাড়াও সিংয়া-হাড়িবাড়িয়া, ঝবঝবিয়া-মাহমুদপুর ও পুস্তিগাছা সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কগুলোর সংস্কার না হওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে থাকায় পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দ্রুত সংস্কারের উদ্যোগ না নেওয়ায় দিন দিন সড়কগুলোর অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার সংশ্লিষ্ট দপ্তরে সড়ক সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। দ্রুত সড়কটি সংস্কার না করলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।
Reporter Name 



















