
ফরহাদ রহমান,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রোববার (১০ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানার পালংখালী ইউনিয়নের পালংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১৫ এর সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃত আসামি খাইরুল বশর প্রকাশ পুতিয়া (৩৫)। তিনি উখিয়ার পালংখালী ইউনিয়নের পুরান মোছার খোলা এলাকার কালু মিস্ত্রির বাড়ির বাসিন্দা। তার পিতার নাম নাজির হোসেন প্রকাশ কালু মিস্ত্রি এবং মাতার নাম আনোয়ারা বেগম।
র্যাব জানায়, খাইরুল বশর চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত তাকে ৬ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করলে তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন এলাকায় অবস্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
অভিযানের পর গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও তালিকাভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 


















