
আব্দুস সামাদ, শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপায় একটি রেস্টুরেন্টে গোপন বৈঠকের অভিযোগে আটক ৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পৌর শহরের কলাহাট সংলগ্ন ‘বন্ধুবাড়ি রেস্টুরেন্ট’ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার ছোট মৌকুড়ী গ্রামের শরিফুল ইসলামের মেয়ে মাহমুদা খাতুন (তৃষ্ণা), দেবতলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে অ্যাডভোকেট মাসুদ আলী, একই গ্রামের ইখতিয়ার মণ্ডলের ছেলে জাহিদ মণ্ডল, সাতবিলা কুলচারা গ্রামের পল্টন হোসেনের ছেলে রাকিবুল ইসলাম আশিক, ভাটই গ্রামের সুমন্ত কুমার বিশ্বাসের ছেলে সিমান্ত বিশ্বাস সজল এবং মহেশপুর উপজেলার যোগীহুদা গ্রামের সফর আলীর ছেলে দেলোয়ার হোসেন। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত-২০১৩) এর ৬/৮/৯/১০/১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-১৫। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বন্ধুবাড়ি রেস্টুরেন্টে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক তৎপরতা পুনরায় সক্রিয় করার উদ্দেশ্যে একটি গোপন বৈঠক চলছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে অবহিত করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে। এসময় আরও ১৫ থেকে ২০ জন ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায় বলে স্থানীয়দের দাবি। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রাতেই রেস্টুরেন্ট ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Reporter Name 


















