
প্রতিবেদন: মোহাম্মদ রাহিম, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলে প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল। প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের যথাযথ স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে। শুধু ভালো ফলাফল নয়, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের জন্য নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজনে: সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল।
Rahim
Reporter Name 


















