
মোঃ ইমন, রিপোর্টার: রাজধানীর শেওড়াপাড়ার ৫৯৩/এ এলাকায় মেট্রোরেলের ৩২০ নম্বর পিলারের পাশে প্রায় ৫ কাঠা জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছোট ভাই মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে শনিবার (৫ সেপ্টেম্বর) মিরপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বড় ভাই আলহাজ্ব মো. মুকুল আমিন। সংবাদ সম্মেলনে মুকুল আমিন দাবি করেন, তাদের পিতা মৃত আলহাজ্ব আব্দুল মালেকের সম্পত্তির অংশ হিসেবে উল্লিখিত জমিতে তার বৈধ মালিকানা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাব খাটিয়ে তাকে জমির মালিকানা ও দখল থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, জমি দখলকে কেন্দ্র করে তাকে ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে মুকুল আমিন ওই এলাকায় রাতের বেলায় মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলে ধরেন। এসব অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। এদিকে, মুকুল আমিনের উত্থাপিত অভিযোগের বিষয়ে মো. আলমগীর হোসেন ওরফে অ্যাপোলোর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
Khan Salim Rahman
Reporter Name 
















