
আজহারুল ইসলাম সাদী, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবলু গাজী নামের এক মৌয়াল গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (১১ মে) সকালে বাঘের আক্রমণে আহত ব্যক্তিকে তার সঙ্গীরা উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে রবিবার দুপুরে সুন্দরবনের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এ ঘটনা ঘটে। আহত বাবলু গাজী (৪৮) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।
ফিরে আসা মৌয়ালরা জানান, রোববার দুপুরে নৌকার মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করতে যান। এ সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি বাঘ বের হয়ে বাবলু গাজীর ওপর আক্রমণ চালায়।
তখন তার সঙ্গে থাকা অন্য মৌয়ালরা লাঠিসোঁটা দিয়ে বাঘটিকে আঘাত করতে থাকেন এবং চিৎকার শুরু করেন। একপর্যায়ে বাঘটি বাবলুকে ছেড়ে বনের ভেতরে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বনের ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
Reporter Name 


















