
মোঃ বাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আন্দিপুর মৌজায় আদালতের নির্দেশ অমান্য করে একটি আমবাগান থেকে জোরপূর্বক আম সংগ্রহ ও বাজারজাত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, উভয় পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর এমনকি প্রাণনাশের মতো ঘটনাও ঘটতে পারে।
অভিযোগ সূত্রে জানা যায়, আন্দিপুর মৌজার আরএস খতিয়ান নং ১২২ ও ১২৩-এর ৫৯৩ থেকে ৬০১ পর্যন্ত মোট সাতটি দাগে প্রায় তিন একর জমির আমবাগান থেকে আদালতের নির্দেশ উপেক্ষা করে বিবাদীপক্ষ আম পেড়ে বাজারজাত করেছে।
বাদীপক্ষের প্রতিনিধি মো. এমদাদুল হক অভিযোগ করে বলেন, আদালত ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উক্ত সম্পত্তির রিসিভার হিসেবে নিয়োগ করলেও বিবাদীপক্ষ তার অনুমতি ছাড়াই আম সংগ্রহ ও বিক্রি করেছে।
আদালত সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের মোকাম-ভোলাহাট সিভিল জজ আদালতের চলমান মামলা নং ৪৬/২০২৩-এর ২৫ জুন ২০২৬ তারিখের ৩৬ নম্বর আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমবাগানটির সুরক্ষা, আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ এবং সম্পত্তি বেহাত হওয়া রোধে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়। একই সঙ্গে আম বিক্রির অর্থ এবং বাগানের আয়-ব্যয়ের মাসিক হিসাব আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ প্রকাশ পর্যন্ত তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, রিসিভার-সংক্রান্ত বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বাধীন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
Reporter Name 



















